সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে সার গুদামজাত করার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তার গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের গুদামে এই অভিযান চালানো হয়। ৪৫ বছর বয়সী মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ হিসেবে দায়িত্বে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, রাতে একটি অটোরিকশায় করে প্রায় ২০-২৫ বস্তা সার গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।
কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন জানান, নিয়মবহির্ভূতভাবে ওই ব্যক্তি একজন ডিলারের কাছ থেকে ১৮ বস্তা ইউরিয়া সার সংগ্রহ করে তার বাসায় মজুত করেছিলেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয় এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে, যা ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হবে।
এদিকে, কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউসুফ আলী অভিযোগ করে বলেন, মনিরুল ইসলাম নিজের জমি ও আশপাশের কয়েকজন কৃষকের জন্য সার কিনেছিলেন, যা পরদিন সকালে কৃষকদের মধ্যে বিতরণের কথা ছিল। তিনি দাবি করেন, প্রতিহিংসার রাজনীতির কারণে উপজেলা প্রশাসনকে খবর দিয়ে তাকে হয়রানি করা হয়েছে।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


























