চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও নাশকতার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. মুরাদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে বাকলিয়ার সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে স্থানীয় দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অটোরিকশা ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধনের চেষ্টা চালায়। ঘটনার পর পুলিশি অভিযানে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. মুরাদ এবং তার দুই সহযোগী সুমন ও রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মো. মুরাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক।


























