কক্সবাজারের উখিয়ায় চলতি আমন মৌসুমে চাষাবাদের লক্ষ্যমাত্রা ৯ হাজার ৪০৫ হেক্টর ছাড়িয়ে গেলেও কৃষকদের চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় তীব্র সংকট দেখা দিয়েছে। ডিলার ও সাব-ডিলারদের বিক্রয়কেন্দ্রে সার নিতে গিয়ে কৃষকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এমনকি বৃষ্টিতে ভিজেও সার সংগ্রহ করতে দেখা গেছে তাদের।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অক্টোবর মাসের জন্য প্রায় ৯৬ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে, যা ৯ জন ডিলার ও ৪২ জন সাব-ডিলারের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তবে মাঠপর্যায়ে কৃষকদের অভিযোগ, জনপ্রতি মাত্র ১০ কেজি করে সার দেওয়ায় জমির সঠিক চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।
কৃষকদের আশঙ্কা, প্রয়োজনের তুলনায় কম সার পাওয়ায় উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি আমন চাষাবাদে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। সংকট মোকাবিলায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সার বিতরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।


























