জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলার ১৩টি উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেট জেলা এনসিপির নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
জেলা ও মহানগর পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর এবার উপজেলা ও থানা পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার ১৩টি উপজেলায় কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেছে জেলা এনসিপি। সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফের নেতৃত্বে এ সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা পর্যায়ে দলের এই শক্তিশালী কাঠামো গঠনের উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ১৩টি উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের ফলে সিলেটে দলটির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে।


























