রাজধানীর নয়াপল্টন এলাকায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গাজী শপিং কমপ্লেক্সের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুরের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার কবপুরকাঠি গ্রামে। তার বাবার নাম মফিজুর রহমান। তিনি নয়াপল্টনের বিএনপি পার্টি অফিস এলাকায় বসবাস করতেন এবং মানসিকভাবে ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, ভোরে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৭টায় তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক অবস্থায় তার পরিচয় শনাক্ত করা না গেলেও পরবর্তীতে সিআইডির ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


























