ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে (ভিসি) প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ পরবর্তী সংবাদ সম্মেলনে তারা ৬ দফা দাবি তুলে ধরেছেন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর সাইন্সল্যাব মোড় প্রদক্ষিণ করে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে সংবাদ সম্মেলন করে।
এ সময় শিক্ষার্থীরা, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ঢাবির ভিসি, মানি না মানব না’, ‘সেন্ট্রালের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উৎপত্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে লাল কার্ড দেখিয়ে। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অলরেডি ৬ মাসে আমরা ৩ জন ভিসিকে দেখতে পেয়েছি। অথচ এই সময় আমাদের দেখার কথা ছিল একাডেমিক মাইগ্রেশন, সেমিস্টার সিস্টেম ও স্কুলিং সিস্টেম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি সরকার যাকে খুশি, যখন খুশি পরিবর্তন করুক; আমাদের তা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের দ্বিধাদ্বন্দ্ব একটাই, সরকার আমাদের কোন অবস্থানকে বিবেচনা করে এই ভিসিকে পরিবর্তন করেছে? আমাদের ৫৪ হাজার শিক্ষার্থীর একাডেমিক মাইগ্রেশন চলমান, কিন্তু কোনো রোডম্যাপ নেই। আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
এসময় শিক্ষার্থীরা আরও বলেন, সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যকে ব্যাখ্যা করতে হবে। আগামী ২ কার্যদিবসের মধ্যে একাডেমিক মাইগ্রেশন সম্পন্ন করতে হবে। ৫৪ হাজার শিক্ষার্থীর জীবন ঝুলে আছে। ২৪-২৫, ২১-২২ সেশনের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার ডেট আগামী ৪ কার্যদিবসের মধ্যে দিতে হবে। একই সাথে ফর্ম ফিলাপ আগামী ৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে।
শিক্ষার্থীরা আরও দাবি জানান, ঢাকার প্রাণকেন্দ্রের ৭টি ক্যাম্পাসের যেকোনো একটি সুবিধাজনক স্থানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে হবে। ৭ ক্যাম্পাসের শিক্ষার্থীরা বারিধারা, গুলশান বা আগারগাঁওয়ে তাদের সমস্যা সমাধান করতে যাবে না বলেও উল্লেখ করেন তারা।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো: ১. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব একাডেমিক কাঠামোর অধীনে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে, ২. নতুন ভিসির বক্তব্য ব্যাখ্যা করতে হবে, ৩. ২ কার্যদিবসের মধ্যে একাডেমিক মাইগ্রেশন সম্পন্ন করতে হবে, ৪. ৪ কার্যদিবসের মধ্যে ২৪-২৫ ও ২১-২২ সেশনের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে, ৫. ৭ কার্যদিবসের মধ্যে ফর্ম ফিলাপ সম্পন্ন করতে হবে এবং ৬. ঢাকার প্রাণকেন্দ্রের সুবিধাজনক স্থানে নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে হবে।


























