জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্পন্ন করার দাবিতে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দেবে জামায়াতে ইসলামীসহ মতাদর্শে ঘনিষ্ঠ আটটি রাজনৈতিক দল।
দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে তারা দেশের চলমান রাজনৈতিক আন্দোলনকে আরও তীব্র করতে চায়।
পাঁচ দফা দাবি
দলগুলোর পাঁচ দফা মূল দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন: দ্রুত সরকারি আদেশ জারি করে তার ভিত্তিতে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।
২. প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রবর্তন: সংসদের উভয় কক্ষে নির্বাচনে প্রগতিশীল আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করতে হবে।
৩. নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা: সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।
৪. অপরাধ ও দুর্নীতির বিচার: পূর্ববর্তী সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান বিচার প্রক্রিয়া চালু করতে হবে।
৫. স্বৈরাচার ও সহযোগীদের নিষিদ্ধকরণ: জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে এই যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।
















