শুধু জিপিএ-৫ অর্জন কিংবা পরীক্ষায় পাসের প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্যকে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। একই সাথে সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং স্মার্টফোনে কী করছে—এসব বিষয়ে পরিবারের নিয়মিত নজরদারি জরুরি বলেও তিনি মন্তব্য করেছেন।
গতকাল শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেন, বিদ্যালয় কেবল পাঠ্যবই মুখস্থ করিয়ে সনদ দেওয়ার প্রতিষ্ঠান নয়; শিক্ষার্থীর চরিত্র, আত্মবিশ্বাস, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম প্রধান ক্ষেত্র। পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ হলেও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণে শুধু ফলাফলই শেষ কথা নয়। শিক্ষা এমন হতে হবে, যা একজন মানুষকে জ্ঞানী করার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক করে তোলে।
তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় ভালো ফলের প্রত্যাশা থাকবেই। কিন্তু ফলাফলের চাপ যেন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে না দেয়। বিদ্যালয়ে পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়াতে হবে, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সাহায্য করবে।
শিক্ষার্থীদের মোবাইল ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়েই অভিভাবকদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তান কার সঙ্গে মিশছে, স্কুল শেষে কোথায় যাচ্ছে, পড়াশোনায় কতটা মনোযোগী এবং স্মার্টফোন বা প্রযুক্তির পেছনে কতটা সময় ব্যয় করছে—এসব বিষয়ে পরিবারকে নিয়মিত খোঁজ রাখতে হবে। প্রযুক্তি জ্ঞান ও শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর অপব্যবহার যেন শিক্ষার্থীর সময়, মনোযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে অভিভাবকদের সজাগ থাকতে হবে।
কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেন, প্রতিটি শিশুর মেধা ও যোগ্যতার ধরন এক নয়। কেউ পরীক্ষায় ভালো করে, কেউ খেলাধুলা, সংস্কৃতি, নেতৃত্ব কিংবা অন্য কোনো সৃজনশীল কর্মকাণ্ডে নিজের প্রতিভার প্রকাশ ঘটায়। তাই শুধু পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের বিচার করা উচিত নয়।


























