মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তীব্র সংকট চলছে। নদীপথের ঝুঁকি ও যাতায়াত দুর্ভোগের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম। শিক্ষক সংকট, আবাসন সমস্যা, নদীভাঙন এবং মোবাইল নেটওয়ার্কের দুরবস্থার কারণে বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে এসব সমস্যা বিদ্যমান থাকলেও তা সমাধানে কোনো দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার নদীবেষ্টিত এসব অঞ্চলে মোট ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বেশ কিছু বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
দুর্গম এলাকা হওয়ায় যাতায়াত ব্যবস্থাই এসব বিদ্যালয়ের প্রধান সমস্যা। বর্ষা মৌসুমে পদ্মা নদীর ভাঙন ও নৌযাননির্ভর যাতায়াত পরিস্থিতি আরও জটিল করে তোলে। শিক্ষকদের প্রতিদিন সমতল এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় দীর্ঘপথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে পৌঁছাতে হয়, যা তাদের সময় ও অর্থের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।


























