ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি গবেষণা কার্যক্রম পরিচালনা এবং অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া দুটি পৃথক তহবিল গঠনে অ্যালামনাইদের সহযোগিতা কামনা করেন।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য-সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।
উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৃহত্তর সমাজের সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। এই সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধিতেও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতা প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের কল্যাণে সাবেক শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


























