ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬’-এর ১১(১) ধারা মোতাবেক অধ্যাপক মো. লুৎফর রহমানকে উপাচার্য পদে পদায়ন করা হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন; তবে এর আগেই অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে সেই সময় পর্যন্তই তাঁর মেয়াদ গণ্য হবে। নিয়োগপ্রাপ্ত উপাচার্য তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক মো. লুৎফর রহমান বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বে রয়েছেন। এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দিয়ে তাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে পদায়ন করা হয়।


























