দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও সহিংসতার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার দুপুরে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, একটি মহল অগ্নিসংযোগ ও সন্ত্রাস চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি বৈধ সরকার।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে। ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, সিনিয়র সহসভাপতি হুশিয়ার আলম, সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কিস্ত চৌধুরী এবং প্রথম সহসভাপতি কাজী মিছবাহ হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























