সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির পৃথক দুটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদ চত্বর ও থানার আশপাশে প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি ও উপজেলা কৃষকদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ হাসানুর রহমান ও শেখ নাজমুল হোসেনের সমর্থকদের সঙ্গে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও সালাউদ্দিন লিটনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে আহতদের মধ্যে আল ইমরান হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনা নিয়ে উভয় পক্ষই একে অপরকে দায়ী করলেও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ঘোষ জানিয়েছেন, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


























