নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ডোমার-জলঢাকা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ডোমার পৌর এলাকার ছোট রাউতা ডাঙ্গাপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে এবং ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আশিক প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। ডোমার-জলঢাকা সড়কে ঈদগাহ ময়দান গেটের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে আশিক সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশিককে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























