দিনাজপুরে চার বছর বয়সী শিশু রাকিবা আক্তার রুহি হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—রিপন টুডু (৩৫), মোছা. জিন্নাতুন (১৯) ও সুজন টুডু (২০)।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের জামতলী নশিপুর গ্রামে আসামি রিপন টুডুর বাড়ির পাশের একটি নারিকেল বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর নিহত শিশুর নানা জমসেদ আলী কোতয়ালি থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জিন্নাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও শারীরিক সম্পর্কের এক পর্যায়ে শিশু রাকিবাকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় মাটিচাপা দেওয়া হয়। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।


























