ফেনীতে এক শিক্ষকের চরম অসাবধানতায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষার ১০০টি উত্তরপত্র হারিয়ে গেছে। মূল্যায়নের আগেই উত্তরপত্রগুলো নিখোঁজ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের একজন শিক্ষক উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য বোর্ড থেকে সংগ্রহ করেছিলেন। গত রবিবার সকালে মহিপাল থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফেনী জেনারেল হাসপাতাল মোড়ে আসার পথে তিনি খাতাগুলো সেখানেই ফেলে চলে যান। পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজি করেও খাতাগুলোর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি জানাজানি হয় যখন পলিটেকনিকের সাবেক এক অতিথি শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খাতাগুলোর সন্ধান চেয়ে একটি পোস্ট দেন। তবে এ নিয়ে শোরগোল শুরু হলে তিনি দ্রুত পোস্টটি মুছে ফেলেন এবং সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এদিকে উত্তরপত্র হারানোর বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা মুখ খুলতে রাজি হননি। খাতাগুলো উদ্ধার না হলে শিক্ষার্থীদের ফলাফলের ওপর এর কী প্রভাব পড়বে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।


























