চট্টগ্রাম প্রকৌশل ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে অন্য একজন অধ্যাপককে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে দিনব্যাপী শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের ভাষ্য, বর্তমান উপাচার্য কিংবা তাঁর পক্ষে অন্য কেউ ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে হস্তক্ষেপ করলে তাঁরা তা প্রতিহত করবেন। এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকলে আবারও শাটডাউনসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তারা।
জানা গেছে, রোববার উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব দেওয়া হয়েছিল। ইউজিসির একটি সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ার কারণে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা।


























