শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত তারিখ থেকে ৯ দিন এগিয়ে এনে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি (শনিবার ও রোববার) এই পরীক্ষা পুনঃনির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসন সংক্রান্ত ভোগান্তি কমাতে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


























