চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের একটি বছর যেন ঝরে না পড়ে, সে লক্ষ্যে তাঁদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠানে জানানো হয় যে, চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা বিগত দশ বছরের ইতিহাসে সর্বনিম্ন।
শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, পুনঃপরীক্ষার ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন সময় নষ্ট না করে কাঙ্ক্ষিত উচ্চশিক্ষা অর্জন করতে পারে কিংবা বিকল্প কোনো শিক্ষা ট্র্যাকে মনোনিবেশ করতে পারে। তিনি আরও জানান, অকৃতকার্য কিংবা আশানুরূপ ফলাফল না করা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণ, নতুন ভাষা শিক্ষা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সুসংহত বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হবে। সবাইকে প্রথাগত চিকিৎসক বা প্রকৌশলী না বানিয়ে যাঁর যাঁর মেধা ও পছন্দের ক্ষেত্রে রাষ্ট্র প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলেও তিনি আশ্বাস ব্যক্ত করেন।


























