দেশি মাছের প্রাকৃতিক বংশবৃদ্ধি ও প্রজনন ক্ষেত্রগুলো রক্ষায় সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন হাওর, বাওড়, নদ-নদী এমনকি সামুদ্রিক এলাকায় মাছের নতুন নতুন অভয়াশ্রম গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত এক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। তিনি উল্লেখ করেন, কার্যকর গবেষণার ফলেই দেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও অসচেতনতায় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো হুমকির মুখে পড়ছে। এ সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিয়ে কাজ করছে।
মন্ত্রী গবেষকদের দেশি মাছের জাত উন্নয়ন, বিলুপ্তপ্রায় প্রজাতি পুনরুদ্ধার এবং ক্ষতিকর উপাদানমুক্ত নিরাপদ খাদ্য ব্যবহারের মাধ্যমে মাছ উৎপাদনের ওপর জোর দেওয়ার তাগিদ দেন। একই সঙ্গে গুণগত মান অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক বাজারে মাছ রপ্তানি বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মাছের স্বাদ ও মান বজায় রাখতে পানিসম্পদের সুরক্ষা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান।


























