পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জলপাইয়ের পাইকারি হাট। মৌসুমি এই হাটে প্রতিদিন প্রায় ১৪০ থেকে ২০০ টন জলপাই বেচাকেনা হচ্ছে, যার আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ লাখ টাকা। ভোর থেকেই কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পঞ্চগড়সহ পার্শ্ববর্তী দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা থেকে জলপাই নিয়ে এই বাজারে সমবেত হচ্ছেন।
হাটে ছোট-বড় স্তূপ করে রাখা জলপাই বাছাই, পরিষ্কার ও বস্তাবন্দি করার কাজে ব্যস্ত সময় পার করছেন শত শত শ্রমিক। পুরুষদের পাশাপাশি অনেক নারী শ্রমিকও এই প্রক্রিয়ার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। এখান থেকে কেনা জলপাই ঢাকার পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এবং প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে পাঠানো হয়।
তবে এত বড় বাজার হলেও সংরক্ষণের জন্য এলাকায় কোনো হিমাগার না থাকায় ব্যবসায়ীদের দ্রুত পণ্য বিক্রি ও পরিবহন করতে হয়। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকেরা হাটের সীমানা বৃদ্ধি এবং একটি হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন।
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ জানান, অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই হাটে জলপাই কেনাবেচা চলে। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা জানিয়েছেন, হাটের সুবিধার্থে এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।


























