নিজের ছাত্রজীবনে তীব্র আর্থিক সংকটের কারণে শিক্ষার্জনের পথে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়া মানুষটি কর্মজীবনে এসে আজ হয়ে উঠেছেন শত শত শিক্ষার্থীর স্বপ্ন পূরণের এক বিশ্বস্ত সহযাত্রী। শ্রেণিকক্ষে পাঠদান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন—সব ক্ষেত্রেই তার কাছে শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং মানুষ গড়ার এক মহান ব্রত। দীর্ঘ প্রায় চার দশকের শিক্ষকতা জীবনে অনন্য নিষ্ঠা ও সততার স্বাক্ষর রেখে এবার জাতীয় পর্যায়ে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের খান।
চলতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হওয়ার পাশাপাশি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা অর্জন করেছেন তিনি। তার এই গৌরবোজ্জ্বল অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং তার শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব ও নিরলস দায়িত্বশীলতারই এক বড় স্বীকৃতি।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার এক অসচ্ছল কৃষক পরিবারে জন্ম নেওয়া আবু তাহেরের শিক্ষাজীবন ছিল নানামুখী সংগ্রামের গল্প। নিজের জীবনের সেই কঠিন সংগ্রামের দিনগুলো তাকে শিক্ষার প্রকৃত মূল্য বুঝতে শিখিয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে শৈশবে যে সুযোগগুলো তিনি নিজে পাননি, কর্মজীবনে এসে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ঠিকই সেই পথগুলো সুগম করার চেষ্টা চালিয়ে গেছেন তিনি।


























