যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পেয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী নাজিফা বিনতে হারুন। ১৪১টি দেশের যোগ্য প্রার্থীদের পেছনে ফেলে তিনি এই মর্যাদাপূর্ণ বৃত্তি অর্জন করেন।
বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে উন্নয়ন অধ্যয়নে এমফিল করছেন। তার পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহন করছে বিশ্ববিদ্যালয়ের ওডিআইডি ডিএসি স্কলারশিপ। আন্তর্জাতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাকে এই বৃত্তি অর্জনে সহায়তা করেছে।
শিক্ষাজীবনের শুরুতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও পরবর্তীতে রাজনীতি, বিশ্বব্যবস্থা ও মানবসমাজের প্রতি আগ্রহ তৈরি হয় নাজিফার। সেই আগ্রহ থেকে তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) রাজনীতি, দর্শন ও অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া ইতালির ইউনিভার্সিটি অব ত্রেন্তোতে অধ্যয়নের জন্য পূর্ণাঙ্গ ইরাসমাস প্লাস আইসিএম বৃত্তিও লাভ করেছিলেন তিনি।
স্নাতক সম্পন্ন করার পর তিনি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং মাই সোলি ফাউন্ডেশনের সঙ্গে কাজ করেন। পাশাপাশি বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি। সামাজিক সমস্যা নিয়ে প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।


























