দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামে জাতীয়তাবাদী যুবদল নিজেদের বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার আদায়ের প্রতিটি লড়াইয়ে সংগঠনটির নেতাকর্মীরা অসামান্য ত্যাগ স্বীকার করেছেন।
মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রাজপথের আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা বহু নির্যাতন সহ্য করেছেন এবং অনেকে মিথ্যা মামলায় কারাবাস করেছেন। কিন্তু কোনো বাধাই তাদের আদর্শচ্যুত করতে পারেনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণমুখী রাজনীতির যে ধারা সূচনা করেছে, তা বাস্তবায়নে যুবদল বলিষ্ঠ ভূমিকা রাখবে। বর্তমান সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে সংগঠনটি আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।


























