আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার সুযোগ সংক্রান্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। দলটির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এক বিবৃতিতে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায় থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিতবাহী শব্দ ব্যবহার আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে জনমনে বিপজ্জনক বার্তা দিতে পারে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, একজন অপরাধী যতই দুর্ধর্ষ হোক না কেন, তাকে গ্রেপ্তার করে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারিক প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করাই একটি সভ্য রাষ্ট্রের একমাত্র পথ। কোনো সরকারের প্রশাসনিক অনুমোদন বিচারিক ব্যবস্থার বিকল্প হতে পারে না। অতীতে বিচারবহির্ভূত ব্যবস্থার যে তিক্ত অভিজ্ঞতা দেশবাসী দেখেছে, এমন বক্তব্য সেই পুরোনো ভীতিকেই নতুন করে জাগ্রত করে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যার প্রসঙ্গে মাওলানা মুসা বিন ইযহার বলেন, পুলিশ সদর দপ্তর কঠোর আইন প্রয়োগের কথা বললেও এমন স্পর্শকাতর পরিভাষা ব্যবহার অনভিপ্রেত। অপরাধ দমনে পুলিশের কঠোর পদক্ষেপ ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা থাকলেও তা অবশ্যই দেশের সংবিধান, আইন এবং মানবাধিকারের সীমার ভেতরে থাকতে হবে।


























