সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এর ফলে মানুষের কথা বলার অধিকার সীমিত হচ্ছে।
গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, গ্যাস ও জ্বালানিসহ নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে আগামী রমজানে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।
সরকারের সমালোচনার জেরে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, এতে মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
তিনি সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় গাজীপুরের সিফাতসহ সম্প্রতি গ্রেপ্তার হওয়া সবার অবিলম্বে মুক্তি দাবি করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও পোশাক শ্রমিকসহ বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়নি। এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সব পেশাজীবীর বেতনের বিষয়টি সমন্বয় করতে সরকারের প্রতি আহ্বান জানান।


























