মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জে রমজান আলী (৫৫) নামের এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইল জেলার হিংগনগরের বসির উদ্দিনের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লতিফ আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ২ আগস্ট ‘নাবিল পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ও ১ লিটার তরল ফেনসিডিলসহ চালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতকে আটক করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।
এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত বাসচালক রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় সুপারভাইজার রিফাতুল ইসলামকে বেকসুর খালাস দেন।


























