গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা-২০২৬। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের, কাজেই এটিকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করব একটু একটু করে এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার।”
সমাজবিজ্ঞান বিভাগ বনাম বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বনাম ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশ নিচ্ছে। আগামী ২৯ অক্টোবর ২০২৬ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


























