দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসাগুলো খুলছে। টানা দশ দিনের ছুটি শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে।
তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও কয়েক দিন থাকছে। কলেজগুলোতে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় ছুটি শুরু হয়েছিল।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। গত ২২ অক্টোবর ছুটি শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন। ছুটি শেষে আজ থেকে আবারও শ্রেণিকক্ষের কার্যক্রম শুরু হচ্ছে।
অন্যদিকে, কলেজগুলোতে ছুটি শুরু হয় গত ১৮ অক্টোবর। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেওয়া এই ছুটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর। এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলো খুলবে ১ নভেম্বর রবিবার। সেদিন থেকে সরকারি-বেসরকারি কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।


























