রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দ্বিতীয়বারের মতো ইউরোপীয় সোসাইটি ফর মেডিকেল অনকোলজি (ইএসএমও) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগে দুপুর ১টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে বিশ্বজুড়ে অনুমোদিত কেন্দ্রগুলোতেও পরীক্ষাটি পরিচালিত হয়।
আয়োজকরা জানিয়েছেন, ‘ইএসএমও পরীক্ষা ২০২৬’-এ বাংলাদেশ থেকে মোট ৬১ জন চিকিৎসক অংশগ্রহণ করেছেন। এই পরীক্ষায় উত্তীর্ণরা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ অর্জন করবেন, যা জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে অনকোলজি অনুশীলনে তাঁদের অবদান রাখার সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। আয়োজকরা আরও আশা করছেন, এই উদ্যোগ ক্যান্সার চিকিৎসা ও চিকিৎসা শিক্ষায় বাংলাদেশের ভূমিকা আরও সুদৃঢ় করবে।
অনকোলজির ক্ষেত্রে পেশাগত দক্ষতার ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ বা মানদণ্ড হিসেবে এই পরীক্ষাকে বিবেচনা করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের ক্লিনিক্যাল জ্ঞান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যাচাই করা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত ইউরোপীয় সোসাইটি ফর মেডিকেল অনকোলজি বা ইএসএমও হলো মেডিকেল অনকোলজিস্টদের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠন। ৩০,০০০ এরও বেশি সদস্য নিয়ে এটি ১৭০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি পরীক্ষাসহ তাদের বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় উৎকর্ষ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


























