ইরানের সশস্ত্র বাহিনীর কাছে কিছু ‘নতুন কর্মপরিকল্পনা’ রয়েছে, যা ভবিষ্যতে মার্কিন রণতরিগুলোকে মধ্যপ্রাচ্য থেকে আরও দূরে সরে যেতে বাধ্য করবে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত জলপথ হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ থাকার দাবি করলেও, মার্কিন বাহিনী সেখানে আসার সাহস পায় না। তিনি আরও দাবি করেন, বর্তমানে মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে এবং ওমান সাগরেও কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই।
ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, গোয়েন্দা দক্ষতা ও কৌশলগত শ্রেষ্ঠত্বের কারণেই মার্কিন বাহিনী ৫০০ কিলোমিটারের বেশি দূরে সরে যেতে বাধ্য হয়েছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের একটি উল্লেখযোগ্য অংশ মেরামত করে পুনরায় সচল করা হয়েছে। পাশাপাশি নতুন সরঞ্জাম যুক্ত করা এবং আধুনিক যুদ্ধকৌশল প্রণয়নের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহারে একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। ৪০ দিন পর যুদ্ধবিরতি কার্যকর হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।























