সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম স্থগিত থাকায় গত এক সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রায় ১৭ হাজার ৭০১ জন যাত্রী চরম বিপাকে পড়েছেন। গত ১০ অক্টোবর ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার পর থেকেই রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
শনিবার বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি রয়েছে। এছাড়া ইন্ডিগো, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার, ফ্লাই দুবাই ও এয়ার ইন্ডিয়ার ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।
যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারলাইন্সটি জানিয়েছে, যাত্রীরা প্রয়োজনে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। মদিনা রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ যুক্ত করায় আসন সংখ্যা বেড়েছে এবং জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট চালু করা হয়েছে।
এদিকে ঢাকায় বিমানের প্রধান কার্যালয় বলাকায় গিয়ে টিকিট পরিবর্তনের চেষ্টা করছেন সৌদিগামী প্রবাসী যাত্রীরা। ছুটির মেয়াদ শেষ হয়ে আসায় কর্মস্থলে ফেরা নিয়ে তাদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেকেই অতিরিক্ত সময় ও অর্থ খরচের শঙ্কায় পড়েছেন।


























