মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার রপ্তানি পণ্যের ওপর প্রস্তাবিত বিভিন্ন নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর করা স্থগিত করেছেন। জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে তিনি কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করেছেন। স্থগিত হওয়া এই পদক্ষেপের কারণে রাশিয়ান জ্বালানি আমদানিকারী বিভিন্ন দেশ সাময়িক স্বস্তি পেতে পারে।
সম্প্রতি জারি করা এক নির্বাহী আদেশে ট্রাম্প জানান, আপাতত এসব শুল্ক স্থগিত করা হলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আবারও তা বাস্তবায়নের সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে ঘরোয়া রাজনৈতিক চাহিদা এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টিকে এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
এর আগে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয়ের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হলেও, বর্তমানে নিজেদের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রও রাশিয়া থেকে ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। নতুন পদক্ষেপের ফলে রাশিয়ার তেল ও পণ্য বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশের ওপর একতরফা শুল্ক আরোপের ঝুঁকিতেও কিছুটা শিথিলতা এসেছে।























