বিজয় দিবস নিয়ে ‘অশ্লীল মন্তব্যের’ প্রতিবাদ— রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্লোগান
বিজয় দিবসকে ঘিরে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কথিত ‘অশ্লীল মন্তব্য’ ও ‘কটূক্তির’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুশপুতুল দাহ করেছেন।
মহান বিজয় দিবসকে ঘিরে ‘অশ্লীল ও অশ্রাব্য মন্তব্যের’ অভিযোগে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুতুল দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘটনাস্থলে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়—
“পিনাকীর দুই গালে, জুতা মারো তালে তালে”,
“ইলিয়াসের দুই গালে, জুতা মারো তালে তালে,”
এবং “পাকিস্তানিদের ঠিকানা, এই বাংলায় হবে না।”
কর্মসূচির আয়োজকদের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বলেন, “মহান বিজয়ের মাসে তারা ১৬ ডিসেম্বর নিয়ে অশ্লীল ও অশ্রাব্য কথাবার্তা বলেছেন। সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা তা মেনে নিতে পারি না।” তাই প্রতিবাদস্বরূপ কুশপুতুল দাহ করা হয়েছে বলে জানান তিনি।
















