শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তাকে সামনে রেখে নতুন ভক্তিগীতি নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তাঁর কণ্ঠে প্রকাশিত হতে যাচ্ছে দেবীকে নিবেদিত ভক্তিমূলক গান ‘জয় মা দুর্গা’।
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। দুর্গাপূজার ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা ও উৎসবের সার্বজনীন আনন্দকে উপজীব্য করে গানটি সাজানো হয়েছে।
‘জয় মা দুর্গা’ গানটির কথা ও সুর তৈরি করেছেন অমিত চ্যাটার্জি। গানের কথার সঙ্গে মিল রেখে নান্দনিক দৃশ্যপট ও নৃত্যের সমন্বয়ে তৈরি হয়েছে এর মিউজিক ভিডিও, যা পরিচালনা করেছেন এ বাবুল। কোরিওগ্রাফিতে ছিলেন গৌরব গো গো এবং চিত্রগ্রহণে ইয়াসিন বিন আরিয়ান। এতে মডেল হিসেবে পর্দায় দেখা যাবে অভিনেতা শিশির সর্দার ও অভিনেত্রী ডিম্পল আহমেদকে।
























