পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করার পথে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও ১১৬ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
আইওএম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, প্রায় ৩০৫ জন যাত্রী নিয়ে যাত্রা করা নৌকাটি অতিরিক্ত যাত্রী এবং সমুদ্রের প্রতিকূল পরিস্থিতির কারণে ডুবে যায়। সংস্থাটি জানায়, গত ৮ ও ৯ অক্টোবরের মধ্যবর্তী রাতে জিবুতির বন্দর নগরী ওবকের উত্তরে গুহেরি নামক এলাকার কাছে নৌকাটি উল্টে যায়। এই দুর্ঘটনায় এ পর্যন্ত আশি জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের সবাই ইথিওপিয়ার নাগরিক।
উদ্ধার করা ১০৯টি মরদেহের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। শিশুদের মধ্যে ৯ জন কন্যাশিশু ও ৬ জন ছেলেশিশু। বর্তমানে জিবুতি সরকারের সহায়তায় আইওএম-এর কর্মীরা দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছেন। জীবিতদের দ্রুত চিকিৎসা এবং নিহতদের দাফনের ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন।
জিবুতিতে নিযুক্ত আইওএম-এর মিশন প্রধান আলেকজান্ডার কোয়াক এক বিবৃতিতে বলেন, অর্থনৈতিক সুযোগ ও বেঁচে থাকার আকুল আকুতি নিয়ে অভিবাসীরা যে চরম ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হন, এই ট্র্যাজেডি তা আবার নির্মমভাবে মনে করিয়ে দিল।
মূলত হর্ন অব আফ্রিকা এলাকা থেকে উন্নত জীবনের আশায় বা নিজ দেশে চলা সংঘাত এড়াতে হাজার হাজার ইথিওপিয়ান নাগরিক প্রতি বছর জিবুতি হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেন ও পরবর্তীতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে প্রবেশের চেষ্টা করেন। তবে বর্তমানে ইয়েমেনের ভেতরের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি চরম উত্তপ্ত। ২০২২ সালের জাতিসংঘ-মধ্যস্থতাকৃত যুদ্ধবিরতির পর সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে বর্তমানে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
আইওএম বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইয়েমেনে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৭৬ হাজার থেকে প্রায় ২ লাখে পৌঁছেছে। সংঘাতময় পরিস্থিতিতে জীবন বাঁচাতে ইয়েমেন থেকেও ইতিমধ্যে ৩ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ সমুদ্রপথে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, ইথিওপিয়াতেও টিগ্রায় যুদ্ধের পর গত মাসে আবারও নতুন করে সামরিক সংঘাত শুরু হয়েছে। একের পর এক রাজনৈতিক সংকট, সংঘাত ও চরম অর্থনৈতিক অনটনের হাত থেকে বাঁচতে গিয়েই এভাবে সমুদ্রের বুকে অকাতরে প্রাণ হারাচ্ছেন শত শত আশ্রয়প্রার্থী।























