ভারতের দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও দমন-পীড়নের কঠোর সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি সরকারের প্রতি নিশানা করে তিনি অভিযোগ করেন, রাজধানী দিল্লিতে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা হিটলারের শাসনামলকেও হার মানায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, দিল্লিতে বিজেপি সরকার ও পুলিশ মিলে প্রায় আড়াই হাজার মানুষকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক কর্মীদের পাশাপাশি সাধারণ পথচারী ও সাধারণ নাগরিকরাও রয়েছেন, যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গে ভোট চুরির প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ পাঁচজন সংসদ সদস্য বাসস্ট্যান্ডে বসে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন। কিন্তু তাদের সেই গণতান্ত্রিক প্রতিবাদটুকুও করতে দেওয়া হয়নি।
তৃণমূলের এই নেতা প্রশ্ন তোলেন, সরকার যদি জনগণের স্পষ্ট রায়ে নির্বাচিত হয়ে থাকে, তবে সাধারণ মানুষের আন্দোলন ও প্রতিবাদকে এত ভয় পাচ্ছে কেন? সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে মেট্রো স্টেশন, ট্রেন ও বিমানবন্দর বন্ধ রেখে চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।























