আকাশপথে শত্রু ড্রোন শনাক্ত করে তা ধ্বংস করতে সক্ষম নতুন প্রতিরক্ষা প্রযুক্তি ‘গোকাল্প’ প্রকাশ্যে এনেছে তুরস্ক। দেশটির শীর্ষস্থানীয় সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সংস্থা আসেলসান এই অত্যাধুনিক প্রযুক্তিটি তৈরি করেছে। এটি মূলত রাডার ও ইলেক্ট্রো-অপটিক্যাল ব্যবস্থার সমন্বয়ে আকাশপথের হুমকি স্বয়ংক্রিয়ভাবে মোকাবিলা করতে পারে।
আসেলসানের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গোকাল্প’ একটি যানবাহন-ভিত্তিক ও সহজে স্থানান্তরযোগ্য ড্রোন বিধ্বংসী ব্যবস্থা। শত্রুপক্ষের ড্রোনের উপস্থিতি টের পাওয়ার পরপরই এটি একটি প্রতিরোধী ড্রোন উৎক্ষেপণ করে, যা সরাসরি শত্রু ড্রোনটিকে আঘাত করে ধ্বংস করে দেয়। এই বিশেষ পদ্ধতিটিকে বলা হয় ‘হিট-টু-কিল’।
সম্প্রতি ওগলবেই টেস্ট সেন্টারে এক মহড়াতে ব্যবস্থাটির মাঠপর্যায়ের কার্যকারিতা পরীক্ষা করা হয়। সেখানে আউরা রাডারের সহায়তায় লক্ষ্যবস্তু চিহ্নিত করার পর ‘গোকাল্প ই১’ নামের ইন্টারসেপ্টর ড্রোন পাঠায় সফটওয়্যারটি, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। পরীক্ষা শেষে তুর্কি প্রকৌশলীরা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে সরাসরি ড্রোন হামলা প্রতিহত করতে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।























