জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই দুর্দান্ত দুটি শতক দেখেছে দর্শকেরা। ঢাকার পক্ষে নাঈম শেখ এবং রংপুরের মিম মোসাদ্দেক নজরকাড়া সেঞ্চুরি উপহার দিয়েছেন। অন্যদিকে মিরপুরে শেখ মাহেদীর ঘূর্ণি বোলিংয়ে ধসে পড়েছে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। একাই ৬টি উইকেট শিকার করেছেন মাহেদী।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে ঢাকা। দিনশেষে ২ উইকেটে ৩৪৩ রান সংগ্রহ করেছে তারা। ২১৫ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ওপেনার নাঈম শেখ। এছাড়া জিসান আলম ৮১ রানে আউট হলেও সেঞ্চুরির পথেই আছেন ৮০ রানে অপরাজিত থাকা মার্শাল আইয়ুব।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অন্য ম্যাচে শেখ মাহেদীর ধ্বংসাত্মক স্পিনে মাত্র ৩৪ ওভারে ১১৯ রানেই অলআউট হয়ে যায় রাজশাহী। ৩৮ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন এই স্পিনার। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১০৮ রান তুলে শক্ত অবস্থানে রয়েছে খুলনা। দলটির হয়ে আজিজুল হাকিম ৫৫ রানে অপরাজিত আছেন।
দিনের অন্য খেলায় সিলেটের একাডেমি মাঠে ময়মনসিংহের বিপক্ষে ৬ উইকেটে ৩৭০ রানের পাহাড় গড়েছে রংপুর। মিম মোসাদ্দেকের চমৎকার ১৫৭ রান এবং ইকবাল হোসেনের ৭৮ রানের সুবাদে এই শক্ত ভিত পায় তারা। একই দিনে বরিশালের মইন খান ফিফটি পেলেও মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করে ৯৭ রানে আউট হন। ১ম দিনশেষে বরিশাল ২৮২ রানে অলআউট হলে জবাবে চট্টগ্রাম কোনো উইকেট না হারিয়ে ৭২ রান তুলেছে।

























