বাংলার ঐতিহ্যবাহী শীতলপাটিকে আধুনিক ফ্যাশনে রূপ দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। ‘বুনন বাজার’ নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা মুর্তা বা বেতি গাছের ছালে তৈরি শীতলপাটি দিয়ে তৈরি করছেন আধুনিক নকশার নান্দনিক স্যান্ডেল। উদ্যোগটির সঙ্গে যুক্ত রয়েছেন ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অপূর্ব কৃষ্ণ দে এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) আবির দে, আশিক মিয়া ও চৌধুরী খুবাইব বিন করিম।
টাঙ্গাইলের সন্তান অপূর্ব কৃষ্ণ দের মাথায় প্রথম এই ভাবনা আসে। ছোটবেলা থেকেই পারিবারিক সূত্রে শীতলপাটি তৈরি ও মুর্তা গাছের চাষ দেখে বড় হওয়া অপূর্ব চেয়েছিলেন ঐতিহ্যবাহী এই উপাদানকে নিত্যনতুন পণ্যে রূপ দিতে। মেঝেতে বিছানোর উপাদানকে পায়ে পরার উপযোগী ও টেকসই স্যান্ডেলে রূপ দেওয়া শুরুতে বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে বারবার নকশা পরিবর্তন, মাপের নিখুঁত বিন্যাস ও পরীক্ষার মাধ্যমে তারা এটিকে আরামদায়ক করে তুলেছেন।
উদ্যোক্তারা জানান, তাঁদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং শীতলপাটি শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের বাঁচিয়ে রাখা এবং তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনে লোকজ ঐতিহ্যকে ফিরিয়ে আনা। শুরুতে পরিবার ও বন্ধুদের কাছে বিষয়টি অভিনব মনে হলেও প্রোটোটাইপ তৈরি ও ইতিবাচক প্রতিক্রিয়ার পর সবার সমর্থন মেলে।
ইতিমধ্যেই এই উদ্ভাবনী উদ্যোগ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশংসিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘হাল্ট প্রাইজ’-এ প্রথম রানারআপ হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ব্যবসায়িক প্রতিযোগিতায় সেরা আটে জায়গা করে নেয় ‘বুনন বাজার’। এছাড়া বাংলাদেশ ইনোভেশন ফেয়ারেও তাদের এই পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শিত হয়ে ব্যাপক সাড়া পেয়েছে।


























