বিদেশি বায়ারদের সাময়িক অনুপস্থিতি নিয়ে উদ্বেগ নয়, স্বাভাবিক প্রক্রিয়ায় সমাধানের আশ্বাস শেখ বশিরউদ্দীনের
গ্লোবাল সোর্সিং এক্সপো–২০২৫ উদ্বোধনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বহির্বিশ্বে নিরাপত্তা ঝুঁকি নিয়ে নেতিবাচক প্রচারণা চললেও বাংলাদেশে বর্তমানে কোনো ঝুঁকি নেই। বায়ারদের ফিরিয়ে আনতে স্বাভাবিক প্রক্রিয়ায় চেষ্টা চলছে।
১ ডিসেম্বর ২০২৫:
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বহির্বিশ্বে একটি চক্র পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে তিনি আশ্বস্ত করেছেন, দেশের ভেতরে বর্তমানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং রফতানি খাতেও এর স্থায়ী প্রভাব পড়বে না।
সোমবার রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো–২০২৫ ঢাকা’-র উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, “নিরাপত্তা ঝুঁকির গল্প ছড়িয়ে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। বিশ্ব বাজারে এ ধরনের প্রচার রফতানিতে প্রভাব ফেললেও এগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দেশের পরিস্থিতি স্থিতিশীল, এবং সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।”
তিনি আরও বলেন, বিদেশি বায়ারদের সাময়িক অনুপস্থিতি নিয়ে অতিরিক্ত উদ্বেগের কারণ নেই। “এটি ক্ষণস্থায়ী অবস্থা। বায়ারদের ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষ স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করছে,” যোগ করেন তিনি।
উদ্যোক্তা ও বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে আনার লক্ষ্য তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশি–বিদেশি উদ্যোক্তাদের এই মিলনমেলা রফতানি খাতকে আরও শক্তিশালী করবে এবং বাজার সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে।
নিরাপত্তা নিয়ে নেতিবাচক প্রচারণার মধ্যেও সরকারের আত্মবিশ্বাসী অবস্থান দেশীয় ব্যবসা পরিবেশ নিয়ে নতুন বার্তা দিয়েছে বলে মনে করছেন অংশীজনরা।
















