ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ৫১ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশন বিশ্বের সব দেশের জন্য নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করেছে।
বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত হলো প্রবাসী ভোটার নিবন্ধন, সময়সীমার বিধিনিষেধ তুলে নিল নির্বাচন কমিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এই উদ্যোগে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন ৫১ হাজার ৫৩৩ জন প্রবাসী ভোটার।
নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ৬৪৬ জন এবং নারী ৭ হাজার ৮৮৭ জন। দেশভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিবন্ধিত হয়েছেন ১০ হাজার ৩৩৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৮৮৯ জন, জাপানে ৬ হাজার ১৫৮ জন, কানাডায় ৫ হাজার ৮৬৫ জন, অস্ট্রেলিয়ায় ৪ হাজার ৭৫৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ১৮৩ জন এবং চীনে ১ হাজার ৬৫১ জন প্রবাসী ভোটার।
এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) বিশ্বের সব দেশের জন্য প্রবাসী ভোটার নিবন্ধন উন্মুক্ত করেছে। বুধবার রাতে ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যেকোনো দেশ থেকে যে কেউ ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, শুরুতে প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট পাঁচ দিনের সময় বেঁধে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল। তবে প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় নিবন্ধন করা যাবে।
তিনি আরও বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটাধিকার নিশ্চিত করা দেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে দেশের ভেতরে সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হয়েছে। এতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধার আওতায় আসবেন।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সে সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচিও ঘোষণা করা হয়।
ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে প্রবাসী ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট দেবেন, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। পাশাপাশি বিদেশে ব্যালট পৌঁছানোর জন্য নির্ভুল ঠিকানা দেওয়া বাধ্যতামূলক।
















