বেলজিয়ামের লিয়েজ শহরে শিক্ষার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গল ও বুধবারের এই বিক্ষোভে বেশ কয়েকটি স্থানে সহিংসতা, সরকারি-বেসরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই ধরনের দাবিতে প্রতিবেশী ফ্রান্সেও শিক্ষার্থীদের আন্দোলন চলছে বলে জানা গেছে।
লিয়েজ পুলিশের বরাত দিয়ে বেলগা সংবাদ সংস্থা জানিয়েছে, বিক্ষোভ থেকে অন্তত ৮০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২৭ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের দাবি, কিছু বিক্ষোভকারী ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ফরাসিভাষী শিক্ষা ব্যবস্থায় শ্রেণিকক্ষে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সুযোগ-সুবিধার চরম সংকট তৈরি হয়েছে। এসব সমস্যার কোনো সমাধান না থাকায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষকতার ওপর পড়াশোনা করা ১৯ বছর বয়সী শিক্ষার্থী অ্যামেলিয়া দি সালভে জানান, কোনো পরিবর্তন না দেখে তারা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। ফ্রান্সে চলমান বিক্ষোভও তাদের অনুপ্রাণিত করেছে বলে তিনি উল্লেখ করেন। আরেক শিক্ষার্থী আলফ্রেড বলেন, একই ধরনের সমস্যার মুখোমুখি হওয়ায় তারা একে অপরকে সমর্থন দিচ্ছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নতুন করে উত্তেজনা এড়াতে আলোচনার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। লিয়েজের মেয়র উইলি দেমেয়ার জানিয়েছেন, শিক্ষার্থীদের উদ্বেগ ও অভিযোগ শুনতে তারা সংলাপের জন্য প্রস্তুত রয়েছেন।
বেলজিয়ামের শিক্ষা ব্যবস্থা মূলত ভাষাভিত্তিক সম্প্রদায়ের মাধ্যমে পরিচালিত হয়। ফলে দেশটিতে কোনো একক জাতীয় শিক্ষাক্রম নেই। ডাচভাষী ফ্ল্যান্ডার্স অঞ্চলে ফ্লেমিশ জনগোষ্ঠী এবং ফরাসিভাষী ওয়ালোনিয়া অঞ্চলে তাদের নিজস্ব শিক্ষাক্রম চালু রয়েছে। অন্যদিকে রাজধানী ব্রাসেলসে অভিভাবকেরা তাদের পছন্দমতো শিক্ষাক্রম বেছে নিতে পারেন।
এর আগে গ্রীষ্মকালেও ব্রাসেলসে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে সহিংস বিক্ষোভ হয়েছিল। ফরাসিভাষী অঞ্চলে শিক্ষার্থীদের টিউশন ফি ৮৩৫ ইউরো থেকে বাড়িয়ে ১ হাজার ১৯৪ ইউরো করার পর এই অসন্তোষ তৈরি হয়। জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বেলজিয়াম ও ফ্রান্সের শিক্ষা বাজেটে যে চাপ তৈরি হয়েছে, তারই প্রভাব পড়ছে শিক্ষার্থীদের এই আন্দোলনে।























