অর্থ পাচারের অভিযোগে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ অক্টোবর (রোববার) নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের মানিলন্ডারিং বিভাগ-১-এর অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী।
দুদকের আবেদনে বলা হয়েছে, নাজমুল আলমের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি বিধিবহির্ভূতভাবে অবৈধ অর্থ উপার্জন করে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে জমা করেছেন এবং পরবর্তীতে তা বৈধ করার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি দেশ ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।


























