চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় কারাবন্দী আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে ডনের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মো. মফিজুল ইসলাম। শুনানিতে তিনি দাবি করেন, ডন কেবল অভিনয়ের প্রয়োজনে পর্দায় খলনায়ক, বাস্তবে নন। এই মামলায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। এছাড়া সালমান শাহের দুটি সুরতহাল, দুটি ময়নাতদন্ত, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি আত্মহত্যা ছিল। তাই ডন জামিন পাওয়ার যোগ্য বলে আবেদনে উল্লেখ করা হয়।
গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ঢাকার ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে গত ৯ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় এবং ১২ আগস্ট তার জামিন আবেদন নাকচ করা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলা হলেও পরে হত্যা মামলা করা হয়। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে এই হত্যা মামলাটি দায়ের করেন।


























