বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছে ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জোটটি।
সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী ৩১ অক্টোবর সাত দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার জানান, ৩১ অক্টোবরের লংমার্চটি সকাল ৭টায় ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে শুরু হবে। এরপর মাওয়া ও পদ্মা সেতু হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা ও যশোর হয়ে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে। পথিমধ্যে বিভিন্ন স্থানে পথসভাও অনুষ্ঠিত হবে।
জোটের সাত দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলা-হামলা বন্ধ করা।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


























