আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে পুরো আর্জেন্টিনায় যখন উৎসবের আমেজ, তখন এই বিশেষ ম্যাচটিকে কেবল উদযাপনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না প্রতিপক্ষ বেনিন। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন এবং সামর্থ্যের প্রমাণ দিতে দৃঢ়প্রতিজ্ঞ তারা।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বুয়েনস এইরেসের বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় এটি যেমন স্বাগতিকদের জন্য ঐতিহাসিক, তেমনি বেনিনের জন্যও এটি নিজেদের মেলে ধরার এক অনন্য সুযোগ।
ম্যাচের আগে বেনিন দলের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তা নাকচ করে দিয়েছেন দলটির গোলরক্ষক মার্সেল দানজিনু। দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ক্রুগার ইউনাইটেডের এই গোলরক্ষক জানান, বুয়েনস এইরেসে তারা খুব ভালো আছেন এবং কোনো ধরনের সমস্যার মুখোমুখি হননি।
মেসির বিপক্ষে খেলার রোমাঞ্চ নিয়ে দানজিনু বলেন, এই ম্যাচটি অন্য যেকোনো ম্যাচের চেয়ে আলাদা। মেসির শেষ ম্যাচ হওয়ায় এমন সুযোগ আর আসবে না। তবে আমরা আর্জেন্টিনার প্রতি শ্রদ্ধাশীল হলেও ভুলে যাইনি যে আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি। আমরা এখানে লড়াই করতে এসেছি এবং নিজেদের সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব।

























