রাজধানীর ‘শেরাটন ঢাকা’র গ্র্যান্ড বলরুমে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সম্মানে ‘এ ডিপ্লোম্যাটিক ইভনিং-২০২৬’ শীর্ষক এক নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গত সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিদের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জার্মানি, ইরান, সিঙ্গাপুর, ইরাক, মালদ্বীপ, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিসহ রাশিয়া, জাপান, পাকিস্তান, নেদারল্যান্ডস, নরওয়ে, আর্জেন্টিনা ও ব্রুনাইয়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে দলের ইতিহাস, ভিশন, মিশন এবং দেশের সামাজিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সংগঠনের দৃষ্টিভঙ্গি তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সমাপনী বক্তব্যে দলের আমীর মাওলানা মামুনুল হক নৈতিক দর্শন, ধর্মীয় সংখ্যালঘু ও নারীর অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নীতি ইসলামী মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত এবং সংগঠনটি কোনো নির্দিষ্ট রাষ্ট্র বা জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষ পোষণ করে না।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, ন্যায্য বাণিজ্য ও মানবিক সংলাপের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন। এছাড়া সংখ্যালঘু ও নারীর অধিকার রক্ষায় দলের প্রতিশ্রুতি এবং একটি স্বাধীন বিচার বিভাগ ও মুক্ত গণমাধ্যমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।


























