যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের একটি ছবি ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তিমূলক পোস্ট মুছে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং প্রতিবেদনে ছবির সত্যতা নিশ্চিত হওয়ার পর তিনি নিজের আগের অবস্থান থেকে সরে আসেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর আসিফ মাহমুদ কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির একটি সম্পাদিত মিমে ট্রাম্পের ছবিকে ‘কার্ডবোর্ড কাটআউট’ দাবি করে ছবিটি আসল নাকি ভুয়া, তা নিয়ে প্রশ্ন তোলেন।
পরবর্তীতে রোমানিয়ার গণমাধ্যমের ফ্যাক্ট-চেক অনুসন্ধানে দেখা যায়, কসোভোর প্রধানমন্ত্রীর ছবিটি ছিল একটি ইন্টারনেট মিম এবং সেখানে ট্রাম্প সশরীর উপস্থিত ছিলেন। মিমের ওপর ভিত্তি করে তারেক রহমানের আসল ছবি নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি স্পষ্ট হওয়ার পর আসিফ মাহমুদ পোস্টটি প্রত্যাহার করেন। নতুন এক বার্তায় তিনি উল্লেখ করেন, একই ধরনের ভঙ্গির কারণে সংশয় তৈরি হয়েছিল এবং বিষয়টি পরিষ্কার হওয়ায় তিনি আগের পোস্টটি মুছে ফেলেছেন।


























