প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী এবং ধারাবাহিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রামীণ হেলথটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’ ‘ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে।
সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণ হেলথটেকের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পুরস্কার গ্রহণ করেন। স্বীকৃতি পাওয়ার পর তিনি বলেন, ভৌগোলিক অবস্থান যেন স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বাধা না হয়, সে লক্ষ্যেই কাজ করছে এই উদ্যোগ।
উল্লেখ্য, ‘সুখী’ মূলত ডিজিটাল সেবার বাইরে থাকা প্রান্তিক মানুষের জন্য তৈরি একটি সমন্বিত নেটওয়ার্ক। এর মাধ্যমে রোগী, চিকিৎসক, ফার্মেসি ও হাসপাতালকে যুক্ত করে ২৪/৭ টেলিমেডিসিন, বিশেষজ্ঞ পরামর্শ, ডিজিটাল প্রেসক্রিপশন এবং এআই চ্যাটবটের মাধ্যমে নিত্যদিনের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।


























